ফেসবুক নিলামে সাকিবের ব্যাট, বিক্রি ২০ লাখ টাকা

২৩ এপ্রিল, ২০২০ ০৪:০৪  
করোনা মোকাবিলায় নিজের প্রিয় ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব আল হাসান। বুধবার নিলাম শেষে রাজ নামের একজন আমেরিকা প্রবাসী ২০ লাখ টাকায় ব্যাটটি নিজের করে নেন। নিলাম থেকে প্রাপ্ত অর্থ সাকিবের দাতব্য প্রতিষ্ঠান ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ এর তহবিলে জমা হবে। যার পুরো অর্থ করোনায় বাংলাদেশের অসহায় ও দুঃস্থ মানুষের সেবায় খরচ করা হবে। সাকিবের ব্যাটের এই নিলাম পরিচালনা করে ‘অকশন ফর অ্যাকশন’ নামের এক ফেসবুক পেজ। বিকাল থেকে চলা এই নিলামের শেষ সময় ছিল রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত। নিলাম শেষ হওয়ার সময় পেজটি থেকে লাইভে ছিলেন সাকিব আল হাসান নিজে, নিলামে ব্যাটটির ক্রেতা ও পেইজটির কর্তাব্যক্তিরা।